Latest Updates

বিক্রম মিস্রী–এর ঢাকা সফর ও উচ্চপর্যায়ের বৈঠক

ভারতের পররাষ্ট্র সচিব শ্রী বিক্রম মিস্রী ০৯ ডিসেম্বর, ২০২৪ একটি আনুষ্ঠানিক সফরে ঢাকায় আসেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া, তিনি বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র সচিব জনাব জসিম উদ্দিনের সঙ্গে ফরেন অফিস কনসাল্টেশন সভা করেন। এই সভাগুলোতে পররাষ্ট্র সচিব মিস্রী একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, অগ্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা তুলে ধরেন। তিনি পারস্পরিক বিশ্বাস ও সম্মান এবং উভয় পক্ষের উদ্বেগ ও স্বার্থসমূহের প্রতি সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রধান অংশীজন হলো জনগণ, এবং উল্লেখ করেন, ভারতের উন্নয়ন সহযোগিতা এবং সংযোগ, বাণিজ্য, বিদ্যুৎ, জ্বালানি ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের বহুমুখী সম্পৃক্ততার সবটুকুই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য পরিচালিত হচ্ছে। পররাষ্ট্র সচিব সাম্প্রতিক কিছু ঘটনা ও বিষয় নিয়েও আলোচনা করেন এবং বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ সম্পর্কিত বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানান। তিনি সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির ওপর হামলার কিছু দুঃখজনক ঘটনার কথাও তুলে ধরেন। ফরেন অফিস কনসাল্টেশন সভা চলাকালে, উভয় পক্ষ রাজনৈতিক ও নিরাপত্তাজনিত বিষয়সমূহ; সীমান্ত ব্যবস্থাপনা; ব্যাবসায়; বাণিজ্য ও সংযোগ; পানি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা; উন্নয়ন সহযোগিতা; কনস্যুলার, সাংস্কৃতিক ও মানুষে-মানুষে সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তারা উপ-আঞ্চলিক, আঞ্চলিক ও বহু-পাক্ষিক বিষয় নিয়েও মতবিনিময় করেন এবং বিমসটেক কাঠামো সহ অন্যান্য ক্ষেত্রে আঞ্চলিক একীকরণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ ও সহযোগিতা বৃদ্ধি করার ব্যাপারে সম্মত হন। পররাষ্ট্র সচিবের সফরটি উদ্বেগসমূহের সমাধান করার পাশাপাশি সম্পর্কের মৌলিক বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বজায় রাখতে সহায়ক হবে।
Back To All Updates