যৌথ ইতিহাস, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সম্প্রীতির প্রতিফলন হিসেবে, ভারতীয় ও বাংলাদেশি সশস্ত্র বাহিনী একসাথে ১৬ ডিসেম্বর ২০২৪-এ মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫৩তম বার্ষিকী উদ্যাপন করেছে। এই উপলক্ষ্যে, উভয় দেশের সশস্ত্র বাহিনী দুই দেশে মহান বিজয় দিবস উদ্যাপনে অংশ নেওয়ার জন্য প্রতিনিধিদল প্রেরণ করে।
কলকাতায় এই অনুষ্ঠানসমূহের সূচনা ঘটে পশ্চিমবঙ্গের রাজ্যপালের উপস্থিতিতে বিজয় স্মারকে মুক্তিযোদ্ধা মেজর জেনারেল আবদুস সালাম চৌধুরী (অব.) ও ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুর রহমান কর্তৃক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এবং এরপর তাঁরা ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি - এর সাথে মতবিনিময় করেন। প্রতিনিধি দলটি পশ্চিমবঙ্গের রাজ্যপালের সাথেও সাক্ষাৎ করেন এবং বিশেষভাবে এই উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় প্রবীণ সেনাসদস্যগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
ঢাকায় ভারতীয় প্রবীণ সেনা সদস্যগণের প্রতিনিধি দলটি বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই প্রবীণ সেনাগণ বাংলাদেশের তিন বাহিনীর প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে একসাথে দখলদার বাহিনীর বিরুদ্ধে তাঁদের লড়াইয়ের স্মৃতিচারণ করেন।
উভয় পক্ষই ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ও তাঁদের জনগণের মধ্যে গভীর বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করে, যা রক্তের বিনিময়ে গড়ে উঠেছে এবং ন্যায়বিচার, স্বাধীনতা ও সমতার চেতনার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে।
Back To All Updates